ফাইনালে উঠেই সমালোচকদের জবাব মেসির, ‘যোগ্যতাতেই এসেছি’


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২৬, ৬:০৪ অপরাহ্ন

বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনাকে ঘিরে ওঠা পক্ষপাতিত্বের অভিযোগের কড়া জবাব দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার পর তিনি বলেন, আর্জেন্টিনার সাফল্য কোনো উপহার নয়; এটি এসেছে দলের ধারাবাহিক পারফরম্যান্স ও যোগ্যতার ভিত্তিতেই।

বুধবার সেমিফাইনালে আটলান্টায় ইংল্যান্ডকে নাটকীয়ভাবে হারানোর পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেসি বলেন, “যার গায়ে লাগে লাগুক, কিন্তু সত্যি হলো—গত চার বছর ধরে আমরাই বিশ্বের সেরা দলগুলোর একটি। আবারও বিশ্বকাপের ফাইনালে ওঠা প্রমাণ করে আমাদের অর্জন ভাগ্যের নয়, কেউ আমাদের কিছু উপহারও দেয়নি। টানা দুটি বিশ্বকাপের ফাইনালে ওঠা খুব কম দলই পেরেছে, আর আমরা সেটিই করে দেখিয়েছি।”

চলতি বিশ্বকাপে আলজেরিয়া, মিশর ও সুইজারল্যান্ডের বিপক্ষে কয়েকটি ভিএআর সিদ্ধান্ত এবং রেফারিং নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক তৈরি হয়। সমালোচকদের একাংশ অভিযোগ তুলেছিল, ফিফা আর্জেন্টিনাকে সুবিধা দিচ্ছে। এমনকি দলটিকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবিতে অনলাইন পিটিশনও চালু হয়েছিল। দীর্ঘদিন এ বিষয়ে নীরব থাকলেও ফাইনালে ওঠার পর প্রথমবারের মতো প্রকাশ্যে প্রতিক্রিয়া জানান আর্জেন্টাইন অধিনায়ক।

সেমিফাইনালে ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। তবে শেষ দিকে মেসির তৈরি করা দুটি আক্রমণ থেকে এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজ গোল করে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন। দুটি গোলেই অ্যাসিস্ট করেন মেসি।

সমালোচকদের উদ্দেশে তিনি আরও বলেন, “আমরা যদি আজ হেরে যেতাম, তাহলে অনেকেই নানা ধরনের কথা বলার সুযোগ পেত। কিন্তু আমরা সেই সুযোগ দিইনি। আমরা জানতাম ফুটবলীয় দক্ষতায় আমরা তাদের চেয়ে এগিয়ে। বড় ম্যাচে অবশ্য ইতিহাস ও আবেগও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

ঐতিহাসিক এই জয়টি প্রয়াত ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে উৎসর্গ করেন মেসি। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার স্মরণীয় পারফরম্যান্সের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “নিঃসন্দেহে দিয়েগো ওপর থেকে এই জয় উপভোগ করছেন। আজকের দিনটি তার জন্যও বিশেষ। তাকে এই আনন্দ দিতে পারা আমাদের জন্য সৌভাগ্যের।”