যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ অবকাঠামো বা জাতীয় গ্রিডে হামলা চালায়, তাহলে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট বন্ধ করে দেওয়ার জন্য ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে ইরান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের জ্যেষ্ঠ দুই কর্মকর্তা ও একটি আঞ্চলিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রগুলোর দাবি, তেহরানে উচ্চপর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং ইরানের মিত্র হুথিদের কাছে বার্তাও পৌঁছে দেওয়া হয়েছে। যদিও নির্দেশটি কীভাবে পাঠানো হয়েছে কিংবা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির পরই এটি দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও হুথি গোষ্ঠীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি।
হুথিদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ইয়েমেনের হোদাইদাহ অঞ্চল থেকে বাব আল-মান্দেব প্রণালির আশপাশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোতায়েন করা হয়েছে। বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর প্রস্তুতিও সম্পন্ন হয়েছে এবং এখন তারা কেবল চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় রয়েছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ইতোমধ্যে অচল থাকার মধ্যে যদি বাব আল-মান্দেব ও লোহিত সাগরেও জাহাজ চলাচল ব্যাহত হয়, তাহলে মধ্যপ্রাচ্যের দুটি প্রধান জ্বালানি রপ্তানি পথই কার্যত বন্ধ হয়ে যাবে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার পাশাপাশি তেলের দাম ও পরিবহন ব্যয় আরও বেড়ে যেতে পারে।
হুথি-সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, ইয়েমেনে অবস্থানরত ইরানের ইসলামি রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রতিনিধিরাই বাব আল-মান্দেব প্রণালি বন্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এরই মধ্যে সৌদি আরবের নিয়ন্ত্রণাধীন একটি বিমানবন্দরে হামলার দায়ে রিয়াদের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা, যা কয়েক বছর ধরে চলা যুদ্ধবিরতিকেও নতুন করে অনিশ্চয়তায় ফেলেছে।
ঝুঁকি বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ভেরিস্ক ম্যাপলক্রফটের মধ্যপ্রাচ্যবিষয়ক প্রধান বিশ্লেষক তরবজর্ন সলভড সতর্ক করে বলেছেন, সংঘাত আরও বিস্তৃত হয়ে লোহিত সাগরের জাহাজ চলাচল ও তেল রপ্তানি অবকাঠামোতে ছড়িয়ে পড়লে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হতে পারে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, সৌদি আরবও এই হুমকিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। আঞ্চলিক সূত্রগুলোর ধারণা, বর্তমানে হুথিদের সামরিক পদক্ষেপে তেহরানের প্রত্যক্ষ নির্দেশনা আরও স্পষ্ট হয়ে উঠেছে।
সূত্র: রয়টার্স
আপনার মতামত লিখুন :