জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : ফখরুল


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৬, ৬:৩২ অপরাহ্ন

জুলাই সনদকে ঘিরে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জুলাই সনদে স্বাক্ষরকারী দলগুলো এর প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তবে এ বিষয়ে বিএনপির অবস্থানকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে।

শুক্রবার (১৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে প্রফেসর এমাজ উদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার ও জাতীয় সাংবাদিক সমিতি।

মির্জা ফখরুল বলেন, বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে, সংসদে জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথে এর ফয়সালা হবে। তার মতে, এটি জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যেই বলা হচ্ছে। তিনি দাবি করেন, জুলাই সনদে স্বাক্ষরকারী সব রাজনৈতিক দলই এর প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে একমত।

গণভোটের প্রসঙ্গ তুলে বিএনপি মহাসচিব বলেন, আলোচিত কিছু বিষয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি। বিশেষ করে উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্বের প্রস্তাবে দলটি কখনো সম্মতি দেয়নি। এ বিষয়ে আগেই আনুষ্ঠানিকভাবে আপত্তি জানানো হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, জুলাই সনদের ভাষ্য অনুযায়ী নির্বাচিত সরকার নিজেদের নির্বাচনী ইশতেহারের আলোকে সনদের বিষয়গুলো বাস্তবায়ন করবে। বিএনপি তাদের ৩১ দফা এবং জুলাই সনদ—উভয় বাস্তবায়নেই প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি।

সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল দাবি করেন, বহুদলীয় গণতন্ত্র, সংসদীয় সরকারব্যবস্থা এবং তত্ত্বাবধায়ক সরকারের বিধান—এসব গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংস্কার বিএনপিই দেশে চালু করেছে। তাই সংস্কার নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য না দেওয়ার আহ্বান জানান তিনি।

সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সংবিধান সংস্কারের নয়, বরং সংশোধনের পক্ষে। জনগণের দেওয়া ম্যান্ডেট অনুযায়ী সরকার সংবিধান সংশোধনের উদ্যোগ নেবে বলেও উল্লেখ করেন তিনি।

বিরোধী দলের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, জুলাই সনদকে কেবল ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়। তার ভাষায়, বিএনপি গণতন্ত্র, অংশগ্রহণমূলক রাজনীতি ও জাতীয় ঐক্যের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এগিয়ে নিতে চায়।