বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি: চ্যাম্পিয়ন পাবে ৬১৬ কোটি টাকা, কোন দল কত পাচ্ছে?


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ৩:৪২ অপরাহ্ন

ফিফা বিশ্বকাপ ২০২৬ শেষ হতে আর মাত্র একটি ম্যাচ বাকি। ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার লড়াইকে ঘিরে উত্তেজনার পাশাপাশি আলোচনায় রয়েছে ইতিহাসের সর্বোচ্চ প্রাইজমানি।
দলসংখ্যা ৪৮-এ উন্নীত হওয়ায় এবার রেকর্ড ৬৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার (প্রায় ৮ হাজার কোটি টাকার বেশি) পুরস্কার ঘোষণা করেছে ফিফা, যা ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি।

বিশ্বচ্যাম্পিয়ন দল পাবে ৫ কোটি ডলার (প্রায় ৬১৬ কোটি টাকা)। রানার্স-আপ দল পাবে ৩ কোটি ৩০ লাখ ডলার (প্রায় ৪০৬ কোটি টাকা)। তৃতীয় স্থান অর্জনকারী দল ঘরে তুলবে ২ কোটি ৯০ লাখ ডলার (প্রায় ৩৫৭ কোটি টাকা) এবং চতুর্থ হওয়া দল পাবে ২ কোটি ৭০ লাখ ডলার (প্রায় ৩৩৩ কোটি টাকা)।

কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া মরক্কো, বেলজিয়াম, নরওয়ে ও সুইজারল্যান্ডের প্রত্যেকটি দল পাবে ১ কোটি ৯০ লাখ ডলার। রাউন্ড অব ১৬ থেকে বিদায় নেওয়া আটটি দল পাবে ১ কোটি ৫০ লাখ ডলার করে এবং রাউন্ড অব ৩২ থেকে বিদায় নেওয়া ১৬টি দল পাবে ১ কোটি ১০ লাখ ডলার করে।

গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া প্রতিটি দলের জন্যও নিশ্চিত করা হয়েছে ১ কোটি ৫ লাখ ডলার। এর মধ্যে ৯০ লাখ ডলার অংশগ্রহণের প্রাইজমানি এবং ১৫ লাখ ডলার প্রস্তুতি ব্যয় হিসেবে দেওয়া হবে।

ফিফা এই অর্থ সরাসরি সংশ্লিষ্ট দেশের ফুটবল ফেডারেশনের কাছে হস্তান্তর করে। পরে ফেডারেশনগুলো খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্টদের বোনাস নির্ধারণ করে। অবশিষ্ট অর্থ সাধারণত ফুটবলের অবকাঠামো উন্নয়ন ও তৃণমূল পর্যায়ে বিনিয়োগ করা হয়।

ফিফার হিসাব অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপ থেকে সংস্থাটির আয় ১০ বিলিয়ন ডলারেরও বেশি হতে পারে। সেই হিসাবে মোট রাজস্বের প্রায় ৬.৫ শতাংশ প্রাইজমানি হিসেবে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে বিতরণ করা হবে।

২০২৬ বিশ্বকাপের প্রাইজমানি
অর্জন প্রাইজমানি
🏆 চ্যাম্পিয়ন ৫ কোটি ডলার (প্রায় ৬১৬ কোটি টাকা)
🥈 রানার্স-আপ ৩.৩ কোটি ডলার (প্রায় ৪০৬ কোটি টাকা)
🥉 তৃতীয় স্থান ২.৯ কোটি ডলার (প্রায় ৩৫৭ কোটি টাকা)
চতুর্থ স্থান ২.৭ কোটি ডলার (প্রায় ৩৩৩ কোটি টাকা)
কোয়ার্টার ফাইনাল ১.৯ কোটি ডলার
রাউন্ড অব ১৬ ১.৫ কোটি ডলার
রাউন্ড অব ৩২ ১.১ কোটি ডলার
গ্রুপ পর্ব ১.০৫ কোটি ডলার (৯০ লাখ + ১৫ লাখ প্রস্তুতি ভাতা)

ফাইনালের পর দলগত পুরস্কারের পাশাপাশি ঘোষণা করা হবে ব্যক্তিগত সম্মাননাও। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন গোল্ডেন বল, সেরা গোলরক্ষক গোল্ডেন গ্লাভস এবং সর্বোচ্চ গোলদাতা গোল্ডেন বুট। তবে এসব ব্যক্তিগত পুরস্কারের সঙ্গে কোনো অতিরিক্ত অর্থ প্রদান করা হয় না।