আদালতের নির্দেশে ক্রোক করা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের রাজধানীর গুলশানের দুটি ফ্ল্যাটে সংরক্ষিত মালামালের তালিকা (ইনভেন্টরি) প্রস্তুতের কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১৯ জুলাই) সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট, দুদকের কর্মকর্তারা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এ কার্যক্রম শুরু হয়।
ইনভেন্টরির প্রাথমিক পর্যায়ে ফ্ল্যাট দুটি থেকে বিপুল পরিমাণ বিলাসবহুল ও মূল্যবান সামগ্রী উদ্ধার হয়েছে। দুদকের তথ্য অনুযায়ী, সেখানে তিন শতাধিক কোট, পাঁচ শতাধিক টাই, আটটি ঘড়ির বক্সে সংরক্ষিত চারটি রোলেক্স ঘড়ি, তিন সেট মুক্তা (পার্ল), চারটি ঝাড়বাতি, শতাধিক কামিজ, বেড, সোফাসহ বিভিন্ন দামি আসবাবপত্র পাওয়া গেছে।
দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ জানান, ইনভেন্টরির কাজ একদিনে শেষ হচ্ছে না। সোমবারও তালিকা প্রস্তুতের কার্যক্রম চলবে। কাজ শেষে ফ্ল্যাট দুটিতে থাকা সব সম্পদের পূর্ণাঙ্গ ও চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
এর আগে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের নির্দেশে গুলশানের রোড-৬৬-এর দুটি ফ্ল্যাটের নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য দুদকের পরিচালক (সম্পদ ব্যবস্থাপনা ইউনিট)-কে রিসিভার নিয়োগ করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তির অনুপস্থিতিতে তালাবদ্ধ ফ্ল্যাটে প্রবেশ ও সম্পদের তালিকা তৈরির জন্য গুলশান রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. নিলয় রহমানকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
দুদক জানিয়েছে, ইনভেন্টরি সম্পন্ন হওয়ার পর আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে। আদালতের পরবর্তী নির্দেশনা অনুযায়ী সম্পদ ব্যবস্থাপনা ও আইনি কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :