সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা মো. রাশেদ খাঁন।
রোববার (১৯ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান কিংবা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে রাশেদ খাঁনকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, তার নিয়োগ যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) কার্যকর থাকবে। নিয়োগের অন্যান্য শর্ত পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
সোমবার (২০ জুলাই) রাশেদ খাঁন নিজেও তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রজ্ঞাপনটি শেয়ার করে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, প্রধানমন্ত্রী আমাকে তার সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন।”
তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন হিসেবে পাওয়া এই দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করবেন। একই সঙ্গে দায়িত্ব পালনে সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :