দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯৩ জনে। তবে এ সময়ে নিশ্চিত হামে নতুন কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ তথ্যে জানানো হয়েছে, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত পাঁচজন শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে একজন, সিলেট বিভাগে তিনজন এবং চট্টগ্রাম বিভাগে একজন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ৬৯৮ জন মারা গেছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ১৪৭ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। ফলে দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে ১৪ হাজার ৫৭৮ জনে পৌঁছেছে।
একই সময়ে ৯২২ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এর ফলে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৫৭০ জনে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করা, আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং জনসচেতনতা বৃদ্ধি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আপনার মতামত লিখুন :