পেট্রোবাংলার চেয়ারম্যান হলেন এস এম ওয়ালিউর রহমান আপেল


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (পেট্রোবাংলা)-এর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এস এম ওয়ালিউর রহমান আপেল। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের কৃতি সন্তান। এর আগে তিনি যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটি কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখার যুগ্মসচিব ড. মোহাম্মদ রুবায়েত খান স্বাক্ষর করেন।

এস এম ওয়ালিউর রহমান আপেল দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে দলীয় সিদ্ধান্তে ওই আসনে আজহারুল ইসলাম মান্নানকে প্রার্থী করা হয় এবং তিনি নির্বাচিত হন।

নির্বাচনের কয়েক মাস পর দেশের জ্বালানি খাতের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে আপেলের নিয়োগকে সোনারগাঁবাসী ইতিবাচকভাবে দেখছেন। স্থানীয়দের আশা, তার প্রশাসনিক অভিজ্ঞতা ও নেতৃত্ব দেশের জ্বালানি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।