মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে চলতি মাসে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের চার সেনা নিহত এবং প্রায় ১০০ সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। আহতদের অধিকাংশই মস্তিষ্কে হালকা আঘাত (Traumatic Brain Injury) পেয়েছেন এবং তাদের ৯৬ শতাংশ ইতোমধ্যে দায়িত্বে ফিরেছেন।
মঙ্গলবার (২১ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ–এর বরাতে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল জানান, ৭ জুলাই থেকে শুরু হওয়া ইরানি হামলাগুলোতে তিন সেনা নিহত ও প্রায় ১০০ সেনা আহত হয়েছেন। পরবর্তীতে জর্ডান ও ইরাকে পৃথক ঘটনায় আরও একজন সেনার মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়, ফলে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় চারজনে।
পেন্টাগনের তথ্যমতে, জর্ডানে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলায় দুই সেনা নিহত হন। একই স্থানে নিখোঁজ থাকা আরেক সেনার মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ইরাকে একটি ভূপাতিত ইরানি একমুখী হামলাকারী ড্রোনের অবিস্ফোরিত গোলাবারুদ নিষ্ক্রিয় করার সময় আরও একজন মার্কিন সেনা প্রাণ হারান।
অন্যদিকে, সিএনএন জানিয়েছে, আহত সেনাদের তথ্য প্রকাশে পেন্টাগন ধীরগতি দেখিয়েছে। তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের দাবি, সেনাদের নিরাপত্তার স্বার্থেই তথ্য প্রকাশে সতর্কতা অবলম্বন করা হয়েছে।
যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আবারও তীব্র হয়েছে। যুক্তরাষ্ট্র এক সপ্তাহের বেশি সময় ধরে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে রাতভর হামলা চালিয়ে যাচ্ছে। ওয়াশিংটনের দাবি, বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা ঠেকাতেই এসব অভিযান পরিচালনা করা হচ্ছে।
এর জবাবে ইরান জর্ডান, কুয়েত, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালাচ্ছে।
পেন্টাগন এখনো সাম্প্রতিক হামলায় মোট ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করেনি। তবে মার্কিন সামরিক হতাহত বিশ্লেষণ ব্যবস্থার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত শুরুর পর থেকে আহত সেনার সংখ্যা ৪১৩ থেকে ৪২৭-এর মধ্যে রয়েছে। এসব পরিসংখ্যানে চলতি মাসের সব আহতের তথ্য এখনও যুক্ত হয়নি।
আপনার মতামত লিখুন :