হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানের, ‘এক ফোঁটা তেলও রপ্তানি হবে না’


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৬, ৯:২০ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সামরিক হামলার জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। এ পরিস্থিতিতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)।
একই সঙ্গে তারা জানিয়েছে, পরিস্থিতির পরিবর্তন না হওয়া পর্যন্ত এ পথ দিয়ে এক ফোঁটা তেল, গ্যাস বা কোনো রাসায়নিক সারও রপ্তানি করতে দেওয়া হবে না।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি এক বিবৃতিতে দাবি করেছে, যুক্তরাষ্ট্রের ‘অশুভ কর্মকাণ্ড’ চলতে থাকলে হরমুজ প্রণালি বন্ধ থাকবে। সংস্থাটির ভাষ্য, এ অঞ্চলের জ্বালানি রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে।

আইআরজিসি আরও জানিয়েছে, হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলীয় নৌপথ দিয়ে চলাচলের সময় দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটে। এতে জাহাজ দুটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। উদ্ধারকারী দল নাবিক ও ক্রুদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে।

এ ঘটনায় আন্তর্জাতিক জাহাজ পরিচালনাকারী কোম্পানিগুলোকে সতর্ক করেছে আইআরজিসি। তারা বলেছে, যুক্তরাষ্ট্রের দেওয়া তথ্যে বিভ্রান্ত না হয়ে ঝুঁকিপূর্ণ নৌপথ এড়িয়ে চলতে এবং কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার সক্ষমতা কমাতে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানো হয়েছে। সেন্টকমের দাবি, সর্বশেষ হামলায় ইরানের সামরিক কমান্ড সেন্টার, সামুদ্রিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।