২০২৬ ফুটবল বিশ্বকাপের শিরোপা জিততে না পারলেও ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতি পেলেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। পরিসংখ্যানভিত্তিক মূল্যায়নের মাধ্যমে তাকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকস (আইএফএফএইচএস)।
ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয়েছে আর্জেন্টিনা। তবে আইএফএফএইচএসের তথ্যনির্ভর মূল্যায়নে পুরো বিশ্বকাপজুড়ে সবচেয়ে প্রভাবশালী ফুটবলার হিসেবে নির্বাচিত হয়েছেন মেসি।
অন্যদিকে, ফিফার অফিসিয়াল গোল্ডেন বল পুরস্কার জিতেছেন স্পেনের অধিনায়ক রদ্রি। সেখানে মেসি পেয়েছেন সিলভার বল এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে পেয়েছেন ব্রোঞ্জ বল।
সোমবার প্রকাশিত এক বিবৃতিতে আইএফএফএইচএস জানায়, খেলোয়াড় নির্বাচনে জনপ্রিয়তা বা আবেগ নয়; বরং ম্যাচ রেটিং, গোল, অ্যাসিস্ট এবং নকআউট পর্বে দলের সাফল্যে অবদান—এসব সূচক নির্দিষ্ট ওজনের ভিত্তিতে বিশ্লেষণ করা হয়েছে।
টুর্নামেন্টে ৩৯ বছর বয়সী মেসি ৭ ম্যাচে ৬২৬ মিনিট মাঠে থেকে ৮ গোল করেছেন এবং ৪টি গোলে সহায়তা করেছেন। অর্থাৎ, তিনি সরাসরি ১২টি গোলে অবদান রেখেছেন। পুরো আসরে তার গড় ম্যাচ রেটিং ছিল ৮.৩৩।
আইএফএফএইচএসের মতে, বিশেষ করে নকআউট পর্বে মেসির ধারাবাহিক ও প্রভাবশালী পারফরম্যান্সই তাকে অন্যদের থেকে এগিয়ে রেখেছে। সংস্থাটি বলেছে, গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত ধারাবাহিক পারফরম্যান্সের পরিসংখ্যানগত বিশ্লেষণেই মেসিকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচন করা হয়েছে।
১৯৯১ সাল থেকে ফুটবলের ইতিহাস ও পরিসংখ্যান নিয়ে কাজ করা আইএফএফএইচএসের মূল্যায়ন অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপে সবচেয়ে বড় ব্যক্তিগত প্রভাব রেখেছেন লিওনেল মেসি।
আপনার মতামত লিখুন :