মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, দুটি নিষ্ক্রিয় করল সিটিটিসি


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৬, ৯:০৩ অপরাহ্ন

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বেশ কয়েকটি বস্তু উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে দুটি বস্তু নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম। এ সময় এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

শুক্রবার (২৪ জুলাই) রাত ৮টা ১৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম।

তিনি জানান, রাত ৭টার পর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা থাকার খবর পেয়ে থানা পুলিশ ও সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে যায়। এখন পর্যন্ত দুটি বোমা সদৃশ বস্তু নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে এবং আরও তল্লাশি ও নিষ্ক্রিয়করণ কার্যক্রম চলছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক তথ্যে জানা গেছে, সন্ধ্যার পর অজ্ঞাত ব্যক্তিরা স্টেশনের নিচে এসব বস্তু রেখে যায়। নিষ্ক্রিয় করা দুটি বস্তুর ভেতরে ডিটোনেটর পাওয়া গেছে এবং তাতে শক্তিশালী বিস্ফোরক ছিল। তবে এগুলো বোমা নাকি ককটেল—সে বিষয়ে এখনো চূড়ান্তভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ এবং তদন্ত কার্যক্রম চলছে। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।