প্রথমবারের মতো ইরানে হামলার দাবি বাহরাইন ও কুয়েতের বিরুদ্ধে


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ৩:৪৩ অপরাহ্ন

উপসাগরীয় দুই দেশ বাহরাইন ও কুয়েত চলতি মাসের শুরুতে ইরানের অভ্যন্তরে সামরিক লক্ষ্যবস্তুতে যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। শুক্রবার (২৪ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, হামলায় ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণে ব্যবহৃত স্থাপনা এবং আরও কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়। এতে বলা হয়েছে, তেহরানের বিরুদ্ধে বাহরাইন ও কুয়েতের এটিই প্রথম প্রত্যক্ষ সামরিক হামলা।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কে গোয়েন্দা তথ্য সরবরাহ এবং প্রতিরক্ষামূলক আকাশ সহায়তার মাধ্যমে এ অভিযানে ভূমিকা রাখে। এর মাধ্যমে ইরান মোকাবিলায় কয়েকটি আরব দেশের মধ্যে সামরিক সমন্বয় জোরদারের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান তার পাল্টা হামলার বড় অংশ বাহরাইন ও কুয়েতকে লক্ষ্য করে পরিচালনা করেছে বলে প্রতিবেদনে বলা হয়। দেশ দুটিতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে।

এতে আরও বলা হয়, বাহরাইন ও কুয়েতের বিমানবাহিনী তুলনামূলকভাবে ছোট এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপে তৈরি যুদ্ধবিমানের ওপর নির্ভরশীল হলেও ইরানের হামলার জবাব না দিয়ে বসে থাকতে তারা রাজি ছিল না।

গত দুই সপ্তাহে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়ে যায়। ৮ জুলাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ অনুযায়ী কার্যকর যুদ্ধবিরতি আর বহাল নেই। এরপর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা অব্যাহত রয়েছে। ওয়াশিংটন ইরানের অভ্যন্তরের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে বলে জানা গেছে। অন্যদিকে তেহরান দাবি করেছে, তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালিয়েছে।

তবে বাহরাইন ও কুয়েতের কথিত এই হামলার বিষয়ে সংশ্লিষ্ট দুই দেশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

সূত্র: মিডল ইস্ট মনিটর, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।