দেশজুড়ে হামের সংক্রমণ পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে ৮১৬ জনে পৌঁছেছে।
শনিবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ শিশুই ঢাকা বিভাগের বাসিন্দা। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে ৭২১ জন এবং পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর ৯৫ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, গত একদিনে নতুন করে ৭৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৬১৩ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ১৫ হাজার ২৭২ জনের হাম শনাক্ত হয়েছে এবং ১ লাখ ২২ হাজার ৭৬৩ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে হাম ও এর উপসর্গ নিয়ে ১ লাখ ৫ হাজার ২৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ১ হাজার ৫৩৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সংক্রমণ প্রতিরোধে সময়মতো টিকা গ্রহণ, আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।
আপনার মতামত লিখুন :