মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন মাত্রা পাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সৌদি আরবের দুটি গুরুত্বপূর্ণ তেল বন্দরে হামলার পর বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবারের হামলার পর অপরিশোধিত তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলারে পৌঁছেছে, যা গত মে মাসের পর সর্বোচ্চ। বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি দীর্ঘায়িত হলে আগামী কয়েক মাসের মধ্যে তেলের দাম আরও বাড়তে পারে।
হুতিদের দাবি, তারা সৌদি আরবের জিজান ও ইয়ানবু বন্দরে সৌদি আরামকোর স্থাপনায় হামলা চালিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে জিজান শোধনাগার এলাকা থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। রয়টার্সকে এশিয়াভিত্তিক কয়েকজন তেল ব্যবসায়ী জিজানের জ্বালানি সংরক্ষণাগারে ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করেছেন।
অন্যদিকে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ইয়ানবু বন্দরের দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করা হয়েছে। হরমুজ প্রণালিতে চলাচল ব্যাহত হওয়ার পর ইয়ানবু সৌদি তেল রপ্তানির অন্যতম গুরুত্বপূর্ণ বিকল্প রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে।
হামলার জবাবে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হুতি অবস্থান লক্ষ্য করে পাল্টা বিমান হামলা চালিয়েছে। মারিব, আল-জফ, হোদেইদাহ এবং কামারান দ্বীপসহ বিভিন্ন এলাকায় সামরিক অবকাঠামো ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়।
ইয়েমেনি কর্মকর্তারা জানিয়েছেন, ২০২২ সালের অস্ত্রবিরতির পর দুই পক্ষই আবারও বড় ধরনের সংঘাতের প্রস্তুতি নিচ্ছে। হুতি নেতা আব্দুল মালিক আল-হুতি সতর্ক করে বলেছেন, সৌদি আরব সরাসরি যুদ্ধে জড়ালে দেশটির সব তেল স্থাপনা হামলার লক্ষ্যবস্তু হবে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আপাতত ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর পরিকল্পনা নেই। তিনি জানান, সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পর্দার আড়ালে কূটনৈতিক আলোচনা চলছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, চাপ বা হুমকির মুখে ইরান নতি স্বীকার করবে না।
বিশ্লেষকদের মতে, লোহিত সাগর ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ঝুঁকিতে পড়েছে। বীমা ব্যয় বৃদ্ধি, বিকল্প রুটের সীমাবদ্ধতা এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও অস্থির হতে পারে।
আপনার মতামত লিখুন :