সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
রোববার (২৬ জুলাই) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবীন আইনজীবীদের বরণ ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী জানান, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান এবং ইসলামী ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সরকার যাচাই-বাছাই করছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, সরকার চায় না কাউকে অন্যায্যভাবে হয়রানি করা হোক। তবে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবির বিষয়ে আইনমন্ত্রী বলেন, বিভিন্ন রাজনৈতিক দল এমন দাবি তুলতে পারে। তবে এসব দাবির যৌক্তিকতা বিদ্যমান আইন অনুযায়ী মূল্যায়ন করা হবে।
পদত্যাগের পর চিকিৎসার জন্য তার বিদেশ যাওয়ার বিষয়ে কোনো বিধিনিষেধ রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন এবং রাষ্ট্রীয় নিরাপত্তাসংশ্লিষ্ট তথ্য প্রয়োজন হলে যথাসময়ে জানানো হবে।
অনুষ্ঠানে বক্তব্যে আইনমন্ত্রী বিগত সরকারের আমলে দুর্নীতির বিভিন্ন চিত্রও তুলে ধরেন। তিনি দাবি করেন, গত ১৬ বছরে দেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে। পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও অর্থ লুটপাটের অভিযোগও উল্লেখ করেন।
নবীন আইনজীবীদের উদ্দেশে তিনি পেশাগত সততা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আইনজীবী হিসেবে সফল হতে নিয়মিত অধ্যয়ন, সততা ও মানুষের সেবার মানসিকতার বিকল্প নেই।
আপনার মতামত লিখুন :