হরমুজ প্রণালী দিয়ে অনুমোদিত নৌপথ ব্যবহার না করে বিকল্প রুটে চলাচলের চেষ্টা করায় ছয়টি জাহাজকে থামিয়ে নির্ধারিত পথে ফিরিয়ে দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ ইউনিট।
সোমবার (২৭ জুলাই) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
রাষ্ট্রীয় টেলিভিশনের উপসাগরীয় অঞ্চলভিত্তিক এক সংবাদদাতার বরাতে জানানো হয়, রোববার রাতে ছয়টি জাহাজ নির্ধারিত নৌপথ এড়িয়ে বিকল্প একটি রুট দিয়ে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করে। এ সময় আইআরজিসি নৌবাহিনী সতর্কতামূলক গুলি ছুড়ে জাহাজগুলোকে থামায় এবং অনুমোদিত নৌপথে ফিরে যেতে বাধ্য করে।
এর আগে রাষ্ট্রীয় টেলিভিশন একটি জাহাজকে ঘিরে একটি ঘটনার কথা জানালেও সে সময় বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এরও আগে শনিবার আইআরজিসি জানিয়েছিল, সতর্কতামূলক গুলি ছোড়ার পর হরমুজ প্রণালীর দক্ষিণাঞ্চল দিয়ে বিকল্প পথে চলাচলের চেষ্টা করা চারটি জাহাজকেও থামিয়ে দেওয়া হয়।
ফেব্রুয়ারির শেষ দিকে মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালীতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে ইরান। এরপর থেকে কৌশলগত এই জলপথে চলাচলকারী সব জাহাজকে নির্ধারিত নৌপথ অনুসরণ করতে বলা হচ্ছে। বিকল্প পথে চলাচলের চেষ্টা করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটি।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন করা হয়। ফলে এ অঞ্চলে যেকোনো নিরাপত্তা ঘটনা আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।
আপনার মতামত লিখুন :