শর্তসাপেক্ষে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৬, ৬:৫০ অপরাহ্ন

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। তদন্ত কমিটির সুপারিশ ও প্রতিবেদন সন্তোষজনক বিবেচনা করে শর্তসাপেক্ষে হাসপাতালটিকে পুনরায় চিকিৎসাসেবা পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

হাসপাতালটির লাইসেন্স পুনর্বহালের বিষয়টি সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরও সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ। আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল লাইসেন্স ফিরে পেল।”

গত ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-ডেলিভারি ওয়ার্ড-২-এ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ঘটনার তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে।

তদন্ত প্রতিবেদনে অক্সিজেনের স্বল্পতা, দীর্ঘ সময় শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা বন্ধ থাকা, বিকল্প ভেন্টিলেশনের অভাব, ওয়ার্ডে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়া এবং হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাকে মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করা হয়।

এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির লাইসেন্স স্থগিত (বাতিল) করে। পরে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে লাইসেন্স পুনর্বহালের আবেদন করে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ।

আবেদন ও তদন্ত প্রতিবেদনের আলোকে সরকার হাসপাতালটির লাইসেন্স পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে। ফলে শর্তসাপেক্ষে প্রতিষ্ঠানটি আবারও চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করতে পারবে।