ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি আন্দোলন সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে লোহিত সাগরের ইয়ানবু শহর পর্যন্ত অপরিশোধিত তেল সরবরাহ ও পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারী এক বিবৃতিতে বলেন, সৌদি আরবের ড্রোন ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘনের জবাবে এ হামলা চালানো হয়েছে। তার ভাষ্য, ড্রোন ব্যবহার করে পূর্ব সৌদি আরব থেকে ইয়ানবু পর্যন্ত তেল সরবরাহ ও পরিবহন ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সংবেদনশীল স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
তবে হুথিদের এ দাবির বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি। এছাড়া হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্যও প্রকাশিত হয়নি।
ইয়ানবু বন্দর সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি অবকাঠামোর অংশ। এ ধরনের হামলার দাবি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে আঞ্চলিক জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।
সূত্র: আল-জাজিরা
আপনার মতামত লিখুন :