যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস তার আগমনের বিষয়টি নিশ্চিত করে। এটি বাংলাদেশে তার প্রথম সরকারি সফর।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, সার্জিও গরের এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত অংশীদারত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারে ভূমিকা রাখবে।
সফরের প্রথম দিনেই সার্জিও গর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠকে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক, বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং সাম্প্রতিক আঞ্চলিক কূটনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনেরও পরিকল্পনা রয়েছে তার।
কূটনৈতিক সূত্রগুলোর মতে, সাম্প্রতিক সময়ে চীন, রাশিয়া ও তুরস্কের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতার পরিপ্রেক্ষিতে ওয়াশিংটন বাংলাদেশের কৌশলগত অবস্থান ও পররাষ্ট্রনীতি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা নিতে আগ্রহী।
সার্জিও গর বর্তমানে ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করছেন। এ কারণে বাংলাদেশ-ভারত সম্পর্ক এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যুতেও তার আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বৈঠকেও উপস্থিত ছিলেন সার্জিও গর। এছাড়া তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত।
আপনার মতামত লিখুন :