সাড়ে ৯৪৯ কোটি টাকায় ৪২তম এলএনজি কার্গো কিনছে সরকার


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৬, ৭:৫৯ অপরাহ্ন

দেশের জ্বালানি চাহিদা মেটাতে সিঙ্গাপুরভিত্তিক ভিটল এশিয়া পিটিই লিমিটেড থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ২২ দশমিক ৩৫ মার্কিন ডলার।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০২৫ অনুসারে আন্তর্জাতিক কোটেশন (আরএফকিউ-ইন্টারন্যাশনাল) পদ্ধতিতে এই এলএনজি কেনা হবে। এতে সরকারের ব্যয় হবে ৯৪৯ কোটি ৪৩ লাখ ১২ হাজার ১৮৪ টাকা। এটি ২০২৬ সালে সরকারের কেনা ৪২তম এলএনজি কার্গো। সরবরাহকারী প্রতিষ্ঠান আগামী ১৫ থেকে ১৬ আগস্টের মধ্যে এলএনজি সরবরাহ করবে।

এদিকে একই বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের প্রথম লটে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি করা হবে। প্রতি মেট্রিক টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫৭ দশমিক ২৫ মার্কিন ডলার। এতে সরকারের মোট ব্যয় হবে ১৩২ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৬২৫ টাকা।