সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর, আমদানি-রপ্তানি হবে আরও দ্রুত


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : অগাস্ট ১, ২০২৬, ৭:০৮ অপরাহ্ন

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, আমদানি-রপ্তানি কার্যক্রম ত্বরান্বিত এবং বিনিয়োগবান্ধব পরিবেশ জোরদারে দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।

তিনি জানান, বেসরকারি খাতের পক্ষ থেকে চট্টগ্রাম বন্দর ও ঢাকা বিমানবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম ২৪ ঘণ্টা চালুর প্রস্তাব দেওয়া হলে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে বিষয়টি বাস্তবায়নের নির্দেশ দেন। এ লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করবে, যাতে দেশের প্রতিটি বন্দর সার্বক্ষণিক সেবা দিতে পারে।

মাহদী আমিন বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও দ্রুত হবে, পণ্য পরিবহনে সময় কমবে এবং ব্যবসার ব্যয় হ্রাস পাবে।

বৈঠকে দেশের অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন), বেজা ও বেপজায় বিনিয়োগ বাড়ানো, বিদ্যমান জটিলতা দূর করা এবং বেসরকারি খাতের নানা সমস্যা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং বিভিন্ন দপ্তরের প্রধানরা এতে অংশ নেন।

সরকারের লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, প্রো-বিজনেস ও প্রো-ইনভেস্টমেন্ট নীতির মাধ্যমে বেসরকারি খাতকে আরও শক্তিশালী করা, নতুন বিনিয়োগ আকৃষ্ট করা এবং দেশের তরুণ ও নারীদের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নীতি—“করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”—কে সামনে রেখেই ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। বৈঠকে অংশ নেওয়া ব্যবসায়ীরা বিভিন্ন নীতিগত প্রস্তাবে দ্রুত সিদ্ধান্ত আসায় সন্তোষ প্রকাশ করেছেন।