প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ভবিষ্যৎ গড়ে তুলবে তরুণ উদ্ভাবকরা। গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর স্টার্টআপ গড়ে তুলতে আগ্রহী তরুণদের সরকার সর্বাত্মক সহায়তা দেবে।
রোববার (২ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বচ্যাম্পিয়ন হওয়া মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) দলের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা জানান, প্রধানমন্ত্রী বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এ ধরনের উদ্ভাবন বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তিনি তাদের গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও উদ্ভাবনী উদ্যোগে সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে এমআইএসটির শিক্ষার্থীরা তাদের তৈরি বিশ্বজয়ী আন্ডারওয়াটার রোবট প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শন করেন। রোবটটির প্রযুক্তিগত সক্ষমতা, নকশা ও সম্ভাব্য ব্যবহার সম্পর্কে খোঁজ নেন তিনি। একই সঙ্গে রোবটটির আরও উন্নয়ন, বাণিজ্যিকীকরণ এবং ভবিষ্যতের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণে প্রয়োজনীয় সরকারি সহায়তার প্রতিশ্রুতি দেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তিনির্ভর স্টার্টআপ গড়ে তুলতে আগ্রহী তরুণদের জন্য সরকারের স্টার্টআপ কর্মসূচির মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
তিনি আরও বলেন, তৈরি পোশাক শিল্পের পাশাপাশি সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস, ফার্নিচার ও কসমেটিকস খাতকে শক্তিশালী করে বহুমুখী রপ্তানিনির্ভর অর্থনীতি গড়ে তুলতে সরকার কাজ করছে। বিশেষ করে সেমিকন্ডাক্টর শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ খাতের বিকাশে বিদেশে কর্মরত বাংলাদেশি বিশেষজ্ঞদের দেশে ফিরে অবদান রাখারও আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে গত ২৩–২৯ জুন অনুষ্ঠিত ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬’-এ বিশ্বের ১৮টি দেশের ৮৮টি দলের মধ্যে এমআইএসটির ‘মিস্ট ম্যাভিরভ’ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। যুক্তরাষ্ট্র রানার্স-আপ এবং কানাডা তৃতীয় স্থান লাভ করে।
সূত্র: বাসস
আপনার মতামত লিখুন :