সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে শেয়ার কারসাজি মামলার তদন্ত শেষ পর্যায়ে, শিগগিরই অভিযোগপত্র


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : অগাস্ট ৬, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন

শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে প্রায় ২৫৭ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন কমিশনের অনুমোদন পেলেই আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।

বৃহস্পতিবার দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, সাকিব আল হাসান ও আবুল খায়ের হিরুসহ ১৫ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত কার্যক্রম প্রায় শেষ। নতুন কমিশনের অনুমোদনের পর দ্রুত অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হবে।

এর আগে গত ২৭ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত থাকলেও তা জমা দেওয়া সম্ভব হয়নি। পরে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির আগামী ৩০ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেন।

দুদকের অভিযোগ অনুযায়ী, আসামিরা সংঘবদ্ধভাবে শেয়ারবাজারে কারসাজি করে নির্দিষ্ট কোম্পানির শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগে প্রলুব্ধ করেন। এতে ২৫৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৩০৪ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলায় বলা হয়েছে, সাকিব আল হাসান প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ও সোনালী পেপারসের শেয়ারে বিনিয়োগের মাধ্যমে ওই কারসাজিতে সহায়তা করেন এবং ২ কোটি ৯৫ লাখ টাকার বেশি মুনাফা উত্তোলন করেন।

দুদক ইতোমধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে সংশ্লিষ্ট তদন্ত প্রতিবেদন ও প্রয়োজনীয় নথি জব্দ করেছে।

এ মামলার পাশাপাশি অর্থপাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগেও সাকিব আল হাসানের বিরুদ্ধে পৃথক তদন্ত চলছে।