২৮ ঘণ্টা ধরে রোমে আটকা বিমানের ২৬০ যাত্রী, যাচ্ছে প্রকৌশলী দল


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : অগাস্ট ৮, ২০২৬, ৭:৩০ অপরাহ্ন

কারিগরি ত্রুটির কারণে ইতালির রোম বিমানবন্দরে প্রায় ২৮ ঘণ্টা ধরে আটকা পড়ে আছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টরন্টো-রোম-ঢাকা ফ্লাইটের ২৬০ যাত্রী। উড়োজাহাজটি মেরামতের জন্য ঢাকা থেকে প্রকৌশলী দল ও প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ রোমে পাঠানো হচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে নিয়মিত জ্বালানি নেওয়ার সময় উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি শনাক্ত হয়। এরপর থেকে এটি গ্রাউন্ডেড অবস্থায় রয়েছে।

ত্রুটি মেরামতের জন্য শনিবার ঢাকার একটি ফ্লাইটে প্রকৌশলী দল ও প্রয়োজনীয় যন্ত্রাংশ রোমে পাঠানো হচ্ছে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তাদের রোমে পৌঁছানোর কথা রয়েছে।

প্রকৌশলী দল ও যন্ত্রাংশ পৌঁছানোর পর দ্রুত মেরামতের কাজ শেষ করার চেষ্টা করা হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে শনিবার স্থানীয় সময় রাত ১০টায় রোম থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে। সেক্ষেত্রে রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় পৌঁছাতে পারে উড়োজাহাজটি।

তবে নির্ধারিত সময় অনুযায়ী, যাত্রীদের রোম বিমানবন্দরে মোট প্রায় ৪০ ঘণ্টা অপেক্ষা করতে হতে পারে। দীর্ঘ সময় বিমানবন্দরে আটকে থাকায় যাত্রীদের দুর্ভোগও বেড়েছে।

ফ্লাইটটিতে মোট ২৬০ জন যাত্রী রয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ইতালি ও কানাডার নাগরিক রয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সূচি অনুযায়ী, শুক্রবার কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে ফ্লাইটটি। পথে ইতালির রোমে নিয়মিত জ্বালানি নেওয়ার জন্য বিরতি দেওয়ার কথা ছিল। সেই সময়ই উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি ধরা পড়ে।

বর্তমানে উড্ডয়নের অনুপযোগী উড়োজাহাজটি মেরামত করে যত দ্রুত সম্ভব ঢাকার উদ্দেশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বিমান কর্তৃপক্ষ।