রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত, দাবি ডেইলি ওয়াদার


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : অগাস্ট ৯, ২০২৬, ৮:০৮ অপরাহ্ন

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়েছে বলে দাবি করেছে সংবাদমাধ্যম ডেইলি ওয়াদা।
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার মনোনয়ন চূড়ান্ত করেছেন বলে দলটির একাধিক জ্যেষ্ঠ নেতার বরাত দিয়ে জানানো হয়েছে।

ডেইলি ওয়াদাকে বিএনপির এক জ্যেষ্ঠ নেতা জানান, দীর্ঘদিনের মহাসচিব মির্জা ফখরুলকেই রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একজন নেতাও ফখরুলের মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করে। সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলীয় প্রার্থীর নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এদিকে রোববার (৯ আগস্ট) বিএনপি নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। দলের ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। একাধিক বৈধ প্রার্থী থাকলে ওই দিন সংসদে ভোটগ্রহণ হবে। আর মির্জা ফখরুল একমাত্র বৈধ প্রার্থী হলে ভোট ছাড়াই তাকে নির্বাচিত ঘোষণা করা হতে পারে।

এর আগে গত ২৪ জুলাই মোহাম্মদ সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করায় পদটি শূন্য হয়। এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার বিধান রয়েছে।