নির্বাচনের সময় ফ্যাসিবাদ ও বিশৃঙ্খলা মোকাবিলায় যেভাবে হেফাজতে ইসলাম বাংলাদেশ বিএনপির পাশে ছিল, ভবিষ্যতেও একইভাবে পাশে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, “বিদ্যুৎ ও গ্যাস সমস্যার সমাধান হবে। আগামী দিনেও আমরা একসঙ্গে থাকব। হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব। ফটিকছড়ির বাবুনগরীতে হেফাজত আমিরের দোয়া নিতে এসেছি।”
তিনি বলেন, গত নির্বাচনে হেফাজতে ইসলামসহ সংশ্লিষ্টরা একসঙ্গে কাজ করায় দেশকে বিপদ থেকে মুক্ত করা সম্ভব হয়েছে। তবে দেশের সমস্যাগুলো এখনো শেষ হয়নি। আগের সরকারের সময়ে বিপুল অর্থ লুট হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ফটিকছড়ির স্থানীয় সমস্যার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, এ অঞ্চলে হাসপাতাল ও শিক্ষার পাশাপাশি স্কুল-কলেজ এবং কর্মসংস্থানের সংকট রয়েছে। বিদ্যুৎ ও গ্যাসের সমস্যাও রয়েছে। এসব সমস্যা সমাধানে সরকার কাজ করবে বলে আশ্বাস দেন তিনি।
গ্যাস সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আগের সরকারের সময়ে দেশে নিজেদের গ্যাসের মজুত আছে কি না, তা যথাযথভাবে অনুসন্ধান করা হয়নি। দেশের গ্যাসসম্পদ নিয়ে বিদেশিদের স্বার্থ রক্ষার অভিযোগও করেন তিনি।
এর আগে বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার ফটিকছড়ির পাইন্দং এলাকায় অবতরণ করে। পরে সড়কপথে প্রায় ৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি বাবুনগর মাদ্রাসায় পৌঁছান।
আপনার মতামত লিখুন :