২৭ আগস্ট বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : অগাস্ট ১১, ২০২৬, ৬:০৩ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) শুরু হবে। ওই দিন বিকেল ৩টায় রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন বসবে।

রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের (আইন প্রণয়ন শাখা-১) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশে বলা হয়েছে, ১৪৩৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র, ২০২৬ সালের ২৭ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করা হয়েছে।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত রাষ্ট্রপতির এ আদেশ অবিলম্বে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

অধিবেশনে নতুন আইন প্রণয়ন, বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু নিয়ে আলোচনা এবং সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে সংসদে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব হওয়ার সম্ভাবনা রয়েছে।