প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস ও দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ: রণধীর জয়সোয়াল


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ১১, ২০২৬, ৭:৫৮ অপরাহ্ন

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফর এবং আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে ভারত সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়। পাশাপাশি আঞ্চলিক জোট বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ সেশন’-এ অংশ নিতে তাকে পৃথক আমন্ত্রণ জানানো হয়েছে।

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বৈঠককে ইতিবাচক ও আশাব্যঞ্জক হিসেবে উল্লেখ করেন ভারতের এই মুখপাত্র। তিনি বলেন, বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের আয়োজনে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ব্রিকসের প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী, বিভিন্ন আঞ্চলিক জোটের প্রধানদের সম্মেলনের আউটরিচ সেশনে আমন্ত্রণ জানানো হয়।

এর অংশ হিসেবে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ১৪ জুলাই ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি কূটনৈতিক পত্র পাঠানো হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যে দুই দেশের সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগের পাশাপাশি ভবিষ্যতে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় সফর ও আঞ্চলিক সহযোগিতা আরও জোরদারের সম্ভাবনাও উঠে এসেছে।