ফখরুলের আসনে ভাই না মেয়ে, বিএনপিতে জোর আলোচনা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : অগাস্ট ২৪, ২০২৬, ৭:৪৯ অপরাহ্ন
ফখরুলের আসনে ভাই না মেয়ে, বিএনপিতে জোর আলোচনা

রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে ঠাকুরগাঁও-১ আসন ছেড়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফলে শূন্য হওয়া এ আসনে উপনির্বাচন ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক হিসাব-নিকাশ।
বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছে মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সল আমীন ও বড় মেয়ে ড. শামারুহ মির্জার নাম। তবে দলীয়ভাবে এখনো কাউকেই প্রার্থী ঘোষণা করা হয়নি।

অন্যদিকে, গত জাতীয় সংসদ নির্বাচনে মির্জা ফখরুলের প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন এবারও নির্বাচনে লড়ার প্রস্তুতি নিচ্ছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

বিএনপিতে আলোচনায় ফয়সল ও শামারুহ

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে সম্ভাব্য প্রার্থী হিসেবে মির্জা ফয়সল আমীন ও ড. শামারুহ মির্জার নাম আলোচনায় আসে।

মির্জা ফয়সল আমীন দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে সক্রিয়। তিনি জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে দলটির সাধারণ সম্পাদকও ছিলেন। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে তার দীর্ঘদিনের যোগাযোগ থাকায় তাকে প্রার্থী করার দাবি উঠেছে বলে জানিয়েছেন দলীয় নেতারা।

তবে নিজের প্রার্থিতার বিষয়ে ফয়সল আমীন বলেন, এখনো প্রার্থী হওয়ার বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তার ভাষায়, আসনটি মাত্র শূন্য হয়েছে; কে প্রার্থী হবেন, সে সিদ্ধান্ত দলের চেয়ারম্যান ও নীতিনির্ধারকেরাই নেবেন।

অন্যদিকে মির্জা ফখরুলের বড় মেয়ে ড. শামারুহ মির্জা অস্ট্রেলিয়ায় বসবাস করেন এবং পেশায় বিজ্ঞানী। বাবার নির্বাচনী প্রচারণায় তিনি আগে ঠাকুরগাঁওয়ে এসেছেন। এ কারণে স্থানীয়দের একাংশ তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখতে চাইছেন বলে আলোচনায় এসেছে।

দেলাওয়ারকেই প্রার্থী করতে চায় জামায়াত

বিএনপির প্রার্থী নিয়ে সিদ্ধান্ত না হলেও জামায়াতে ইসলামীর অবস্থান অনেকটাই স্পষ্ট। দলটি আবারও মো. দেলাওয়ার হোসেনকে প্রার্থী করার প্রস্তুতি নিচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় দেড় লাখ ভোট পেয়েছিলেন দেলাওয়ার হোসেন। সেই ফলকে ভিত্তি করে এবারও তাকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছে জামায়াত।

জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান বলেন, দেলাওয়ার হোসেনই তাদের প্রার্থী হবেন। দলটি সাংগঠনিকভাবে প্রস্তুত রয়েছে এবং কেন্দ্রীয় নির্দেশনা পেলেই নির্বাচনী কার্যক্রম শুরু করবে।