লামায় বেইলি সেতু ভেঙে দুই ইউনিয়নে যোগাযোগ বন্ধ!


মোঃ নাজমুল হুদা, লামা প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ৭:৪১ অপরাহ্ন

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর–গজালিয়া সড়কে ভারী যন্ত্রপাতি বহনকারী একটি চলন্ত ট্রাক পারাপারের সময় অতিরিক্ত ভারে বেইলি সেতু ভেঙে পড়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে নাজিরাম ত্রিপুরা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক আগে অবস্থিত সেতুতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাকে থাকা এক্সকাভেটরটি উল্টে পড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহত বা প্রাণহানির ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি ট্রাকে করে ভারী এক্সকাভেটর পরিবহন করা হচ্ছিল। ট্রাকটি বেইলি সেতু অতিক্রম করার সময় সেতুটি অতিরিক্ত ভার বহন করতে না পেরে ভেঙে পড়ে। এতে ট্রাকসহ বহন করা এক্সকাভেটর সেতুর ওপর উল্টে যায় এবং সেতুর কাঠামো ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পর স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। দুর্ঘটনায় কেউ আহত না হলেও সেতুর ক্ষয়ক্ষতি এবং সড়কে যান চলাচল স্থগিত রয়েছে। পাহাড়ি সড়কে ভারী যানবাহন ও নির্মাণযন্ত্র চলাচলের নিরাপত্তা নিয়ে ঘটনাটি নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
তবে আকস্মিকভাবে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দুই ইউনিয়নের যাতায়াত ও পণ্য পরিবহনে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী টোয়েন চাকমা জানান, ভেঙে পড়া সেতুটি দ্রুত মেরামত করা হবে। আপাতত যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প সড়ক তৈরির কাজ শুরু হয়েছে এবং আগামী দুয়েক দিনের মধ্যেই সড়কটি পুনরায় চালুর চেষ্টা চলছে বলে আশ্বাস দেন।