রাজধানীর সার্কিট হাউজ রোডে উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির বিরুদ্ধে দুটি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
বৃহস্পতিবার সকালে সচিবালয়মুখী মন্ত্রীর পতাকাবাহী রেঞ্জ রোভার গাড়িটি (ঢাকা মেট্রো-ঘ-১৮-২১২৫) উল্টোপথে চলছিল বলে ট্রাফিক পুলিশ জানায়। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা গাড়িটি থামান। মামলা করার সময় মন্ত্রী গাড়িতে উপস্থিত ছিলেন।
ট্রাফিক আইন অমান্যের অভিযোগে চালক আরিফ হোসেনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। প্রতিটি মামলায় ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ট্রাফিক পুলিশের ভাষ্য, একই সময়ে পাশের সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর ট্রাফিক সিগন্যাল মেনে সচিবালয়ের দিকে যাচ্ছিল। মন্ত্রীর গাড়িটি উল্টোপথে যাওয়ার বিষয়টি পুলিশের নজরে এলে তাৎক্ষণিকভাবে সেটি থামিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
আপনার মতামত লিখুন :