এনবিআরের লঘুদণ্ডপ্রাপ্ত ২১ কর্মকর্তার শাস্তি মওকুফ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০২৬, ৮:৪১ অপরাহ্ন

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিভাজন অধ্যাদেশের বিরোধিতা করে আন্দোলনের ঘটনায় সাময়িক বরখাস্তের পর লঘুদণ্ড পাওয়া ২১ কর্মকর্তার শাস্তি মওকুফ করেছে সরকার। অন্তর্বর্তী সরকারের সময়ে তাঁদের বিরুদ্ধে এসব শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল।

রোববার (৬ সেপ্টেম্বর) এ বিষয়ে আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। প্রজ্ঞাপনগুলোতে ২১ কর্মকর্তার দণ্ড বাতিলের সিদ্ধান্ত জানানো হয়েছে।

জানা গেছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতির ক্ষমতাবলে তাঁদের শাস্তি মওকুফ করা হয়েছে।

এর আগে গত ১৮ আগস্ট রাজস্ব সম্মেলনে এনবিআরের কর্মকর্তারা তাঁদের বিরুদ্ধে দেওয়া শাস্তি প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন করেন। একই সঙ্গে শাস্তির আশঙ্কায় রাজস্ব আদায় কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনার কথাও তুলে ধরেন তাঁরা। তখন প্রধানমন্ত্রী অতীতের বিষয় ভুলে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান এবং শাস্তি মওকুফের আশ্বাস দেন।

এনবিআর বিভাজনের বিরোধিতা করে আন্দোলনে সংগঠকের ভূমিকা পালনসহ বিভিন্ন অভিযোগে এসব কর্মকর্তার মূল বেতন দুই বা ততোধিক ধাপ কমিয়ে লঘুদণ্ড দেওয়া হয়েছিল।

শাস্তি মওকুফ পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ইমাম তৌহিদ হাসান শাকিল, মির্জা আশিক রানা, মোনালিসা শাহরীন সুমিতা, মো. মামুন মিয়া, চাঁদ সুলতানা চৌধুরানী, সুলতানা হাবীব, মুরাদ আহমেদ, মামুনা খাতুন, মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান ও মো. জিল্লুর রহমানসহ আরও কর্মকর্তারা।

সরকারের এ সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর আরোপিত লঘুদণ্ড কার্যকর থাকছে না।