বাংলা শিশুসাহিত্যের অন্যতম শীর্ষপুরুষ এবং স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান আমীরুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে (লাইফ সাপোর্ট) চিকিৎসাধীন রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনিসংক্রান্ত নানা জটিলতায় ভুগছিলেন। হঠাৎ শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতি ঘটলে রোববার দিবাগত রাত ৩টার দিকে তাকে জরুরিভিত্তিতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। চ্যানেল আইয়ের জনসংযোগ বিভাগ ও হাসপাতাল সূত্র তার শারীরিক অবস্থার এই সংকটময় তথ্য নিশ্চিত করেছে। প্রিয় এই সাহিত্যিক ও গণমাধ্যম ব্যক্তিত্বের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় তার পরিবার এবং সহকর্মীরা দেশবাসীর কাছে আকুল দোয়া চেয়েছেন।

১৯৬৪ সালের ৭ই এপ্রিল পুরান ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন আমীরুল ইসলাম। পিতা প্রয়াত সাইফুর রহমান ও মাতা প্রয়াত আনজিরা খাতুনের এই সন্তান শৈশব থেকেই সাহিত্য ও সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে উঠেছেন। তার আপন চাচা (পিতৃব্য) ছিলেন দেশের খ্যাতনামা শিশুসাহিত্যিক কবি হাবীবুর রহমান, যার অনুপ্রেরণা আমীরুল ইসলামের সাহিত্যচেতনা বিকাশে গভীর প্রভাব ফেলে।
শিশুসাহিত্যের প্রতিটি শাখায় সমান স্বচ্ছন্দ এই কালজয়ী লেখক বাংলা সাহিত্যভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন ৩০০-এরও বেশি বই উপহার দিয়ে। জীবনের একদম অল্প বয়সেই ‘খামখেয়ালি ছড়া’ গ্রন্থের জন্য শিশু একাডেমীর ঐতিহ্যবাহী ‘অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার’ অর্জন করে তিনি তাঁর অসামান্য মেধার স্বাক্ষর রাখেন। পরবর্তীতে সাহিত্যকর্মে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে তিনি দেশের সর্বোচ্চ সাহিত্য সম্মাননা ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’-এ ভূষিত হন। এছাড়া তিনি সিকান্দার আবু জাফর সাহিত্য পুরস্কার (১৯৮৪), নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার (২০০৩), অন্নদাশঙ্কর সাহিত্য পুরস্কার (কলকাতা, ২০১২), সিটি আনন্দআলো সাহিত্য পুরস্কার (২০১৩), লাটাই ছড়াসাহিত্য পুরস্কার (২০১৫) এবং হাবীবুর রহমান শিশুসাহিত্য পুরস্কার (২০১৮) লাভ করেন।
সাহিত্যচর্চার পাশাপাশি তিনি দীর্ঘকাল ধরে বাংলাদেশের গণমাধ্যম অঙ্গনে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। বর্তমানে চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বাংলা একাডেমির একজন সম্মানীয় ‘ফেলো’ এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ‘স্থাপনা-সদস্য’ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
ব্যক্তিজীবনে অত্যন্ত আনন্দময়, কৌতুকপ্রিয় ও জীবন-রসিক মানুষ হিসেবে সবার কাছে পরিচিত আমীরুল ইসলাম ভ্রমণ, রান্না করা, দাবা খেলা এবং রবীন্দ্রসংগীত শুনতে দারুণ ভালোবাসেন। পুরোনো বই ও দুষ্প্রাপ্য চিত্রকলা সংগ্রহের নেশায় পৃথিবীর অনেক শহরে মনের আনন্দে ঘুরে বেড়িয়েছেন এই প্রবীণ লেখক। আজ তাঁর এই সংকটময় মুহূর্তে সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের সহকর্মী এবং বিপুল পাঠককুল পরম করুণাময়ের দরবারে তাঁর দ্রুত সুস্থতার ব্যাকুল প্রার্থনা করছেন।
আপনার মতামত লিখুন :