নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, তাঁর স্ত্রী নাসরিন ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের আইল অব ম্যানের সম্পত্তি অবরুদ্ধ করেছে সেখানকার কর্তৃপক্ষ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাঠানো পারস্পরিক আইনগত সহায়তা অনুরোধের (এমএলএআর) ভিত্তিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ-সংক্রান্ত ১৬১ পৃষ্ঠার রেকর্ডপত্র আইল অব ম্যান থেকে দুদকের হাতে পৌঁছেছে বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। নথিগুলো চলমান তদন্তে পর্যালোচনা করা হবে।
দুদকের নথি অনুযায়ী, নজরুল ইসলাম মজুমদার, নাসরিন ইসলাম, তাঁদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং ওয়ান প্রপার্টি লিমিটেডের বিষয়ে আইল অব ম্যান কর্তৃপক্ষের কাছে এমএলএআর পাঠানো হয়েছিল। বাংলাদেশ যে সহযোগিতা চেয়েছিল, অনুরোধের আওতাভুক্ত কার্যক্রম সেখানকার কর্তৃপক্ষ সম্পন্ন করেছে। একই সঙ্গে অভিযোগসংশ্লিষ্ট সম্পত্তি অবরুদ্ধ করা হয়েছে।
তবে সম্পত্তি অবরুদ্ধের এই আদেশকে স্থায়ী বাজেয়াপ্ত হিসেবে দেখা হচ্ছে না। আইল অব ম্যানের আদালতের আদেশ অনুযায়ী, বাংলাদেশে চলমান তদন্তের অগ্রগতি জানিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে হবে।
নথিতে বলা হয়েছে, ২০২৭ সালের ২০ মে’র মধ্যে তদন্তের অগ্রগতি-সংক্রান্ত প্রতিবেদন আদালতে জমা দিতে হবে। এ জন্য ২০২৭ সালের ১ মে’র মধ্যে প্রয়োজনীয় তথ্য পাঠাতে দুদককে অনুরোধ করেছে আইল অব ম্যানের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।
নির্ধারিত সময়ের মধ্যে তদন্তের অগ্রগতি জানানো না হলে আদালত সম্পত্তি আটকের আদেশ প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করতে পারে বলেও নথিতে উল্লেখ করা হয়েছে।
দুদকের নথি আরও বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-৩ শাখার গত ৩০ জুনের চিঠির পরিপ্রেক্ষিতে আইল অব ম্যান থেকে পাওয়া রেকর্ডপত্র পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
নাসা গ্রুপ ও এর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে চলমান তদন্তের অংশ হিসেবেই আইল অব ম্যান কর্তৃপক্ষের কাছে তথ্য ও আইনগত সহযোগিতা চাওয়া হয়েছিল। তদন্তের আওতায় নজরুল ইসলাম মজুমদার ও তাঁর স্ত্রী নাসরিন ইসলাম ছাড়াও পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম রয়েছে।
আইল অব ম্যান কর্তৃপক্ষের পাঠানো নথি এখন বাংলাদেশের চলমান তদন্তে কীভাবে ব্যবহৃত হবে, সেটিই পরবর্তী পদক্ষেপের গুরুত্বপূর্ণ অংশ।
আপনার মতামত লিখুন :