বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ন

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেওয়ার আগ্রহ দেখিয়েছে ওমান। এর মধ্যে ৫ হাজার কৃষি শ্রমিক এবং ৫ হাজার মৎস্য শ্রমিক নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী। বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের শ্রমবাজার সম্প্রসারণসহ দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে শামা ওবায়েদ ইসলাম বলেন, ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের আলোচনা হয়েছে। দেশটি বাংলাদেশ থেকে ৫ হাজার কৃষক ও ৫ হাজার মৎস্যজীবী নেওয়ার কথা জানিয়েছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তিও হয়েছে।

তিনি জানান, ওমানের একটি প্রতিনিধি দল আগামী মাসে বাংলাদেশে আসবে। তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করার পর কর্মী নেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করা হবে।

ওমানের ভিসা পুনরায় চালুর বিষয়েও কূটনৈতিকভাবে চেষ্টা চলছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন কারণে ওমানে বাংলাদেশিদের ভিসা বন্ধ রয়েছে। নিয়মিতভাবে বাংলাদেশি কর্মীরা যাতে ওমানে যেতে পারেন, সে জন্য সরকার কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

দক্ষ কর্মী পাঠানোর ওপরও গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। শামা ওবায়েদ বলেন, ওমান সরকারকে দক্ষ অভিবাসনের গুরুত্ব তুলে ধরা হয়েছে। বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ কর্মী বিভিন্ন খাতে পাঠানোর বিষয়ে দুই দেশ কাজ করছে এবং এতে ওমানেরও আগ্রহ রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশ ও ওমানের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ বাংলাদেশি শ্রমিকদের ওমানের উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে দুই দেশের মধ্যে পারস্পরিক লাভজনক সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন।