২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ হয়েছে। এতে জিপিএ-৫ পেয়েও ২ হাজার ২০৫ জন শিক্ষার্থী কোনো প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত হতে পারেননি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। কলেজ ও মাদ্রাসায় ভর্তির জন্য এবার প্রায় ১০ লাখ শিক্ষার্থী অনলাইনে আবেদন করেন। এর মধ্যে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী কোনো না কোনো প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন। তবে আবেদন করেও আসন পাননি ১৪ হাজার ৪১৫ জন।
ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর মোট ৮ হাজার ১৮০টি শিক্ষাপ্রতিষ্ঠান একাদশে ভর্তির জন্য যোগ্য ছিল। এর মধ্যে ১১টি কলেজে কোনো আবেদন জমা পড়েনি। আরও ৪১৬টি কলেজে আবেদন থাকলেও কোনো শিক্ষার্থীকে বরাদ্দ দেওয়া হয়নি।
শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে আগামী ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে।
সারাদেশে কলেজ ও মাদ্রাসা মিলিয়ে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রায় ২৫ লাখ আসন রয়েছে। এবার কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হয়নি। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে। অনলাইনে আবেদনের ফি নির্ধারণ করা হয়েছিল ২২০ টাকা।
ভর্তি নির্দেশিকা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে আবেদন করতে পেরেছেন। পছন্দক্রম পরিবর্তনের জন্য ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল।
শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, বোর্ডের অনুমতি ছাড়া কোনো প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তি করতে বা ছাড়পত্র (টিসি) দিতে পারবে না। অনুমোদনহীন শাখা বা বিষয়ে শিক্ষার্থী ভর্তি করালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি, স্বীকৃতি বা এমপিওভুক্তি বাতিল হতে পারে।
উল্লেখ্য, গত ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১১ লাখ ৪৪ হাজারের বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
আপনার মতামত লিখুন :