এসবি প্রধানের দায়িত্ব পেলেন কামরুল আহসান


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৬, ৩:৪৩ অপরাহ্ন

পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. কামরুল আহসান। সম্প্রতি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়ার পর তাকে এসবিতে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া পুলিশ অধিদপ্তরের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. কামরুল আহসানকে ঢাকায় পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি হিসেবে বদলি করা হয়েছে। নতুন পদায়নের ফলে তিনি এসবি প্রধানের দায়িত্ব পালন করবেন।

এর আগে এসবি প্রধানের দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।