হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৫২


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৬, ৪:০০ অপরাহ্ন

দেশে হামের পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৫২ শিশু।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০ জনে। একই সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০২ শিশু। ফলে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৩ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১০৯ শিশু। এ সময়ে ১ হাজার ৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৮২৩ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত দেশে মোট ১ লাখ ৯৫ হাজার ১৯৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগীর সংখ্যা ২১ হাজার ৬৬৬।

এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৩ হাজার ২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।