ভারতের মিজোরাম ও ত্রিপুরা এবং মিয়ানমার-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কয়েক দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১২ মিনিট থেকে রাত ১টা ২৭ মিনিটের মধ্যে এসব ভূমিকম্প হয়।
ভূমিকম্পের কম্পন চট্টগ্রাম, কক্সবাজার, ফেনীসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে। ঢাকাসহ আরও কয়েকটি অঞ্চলেও মৃদু কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প হয়।
এর মাত্র এক মিনিট পর, রাত ১২টা ১৩ মিনিটে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী মিজোরামের লুংলেই এলাকায় ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।
এরপর রাত ১টা ২৭ মিনিটে ত্রিপুরার আগরতলা এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার আরও একটি ভূমিকম্প অনুভূত হয়। এই কম্পনেও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে পরপর কয়েকটি ভূমিকম্প অনুভূত হওয়ায় বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে এসব ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :