রিমান্ড শেষে আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ৪:০৬ অপরাহ্ন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) এক দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার মেট্রোপলিটন আদালতে হাজির করে এ আবেদন করা হয়। এর আগে শনিবার একই মামলায় আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালতে এ আবেদনের ওপর শুনানি চলছে। এদিকে আখতারুজ্জামানের পক্ষে তার আইনজীবীরা জামিনের আবেদন করেছেন এবং তারা আদালতে উপস্থিত রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদের সঙ্গে আখতারুজ্জামানের বাগবিতণ্ডা হয়। এ সময় তাকে হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।

এ ছাড়া বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণে বাধা দেওয়ায় এক নিরাপত্তাকর্মীর সঙ্গে অসদাচরণ ও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে। একই ঘটনায় জমজমের পানির বোতল ছুড়ে ফেলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও আনা হয়েছে।

এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে বিমানবন্দর থানায় দায়ের করা এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।