কবর থেকে তোলা হলো চিত্রনায়ক শান্ত খান ও তার বাবা সেলিম খানের মরদেহ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ৪:১০ অপরাহ্ন

জুলাই গণ-অভ্যুত্থানের সময় জনতার পিটুনিতে নিহত চাঁদপুরের সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ কবর থেকে তোলা হয়েছে। আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য বুধবার (৭ অক্টোবর) সকালে তাদের মরদেহ উত্তোলন করা হয়।

সকালে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন এলাকায় প্রথমে সেলিম খানের মরদেহ কবর থেকে তোলা হয়। কিছুক্ষণ পর একই এলাকার কবর থেকে তার ছেলে শান্ত খানের মরদেহও উত্তোলন করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম ও মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদ মিয়া উপস্থিত ছিলেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, আদালতের নির্দেশ পাওয়ার পর ময়নাতদন্তের জন্য জেলা প্রশাসকের কাছে নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়ে আবেদন করা হয়। জেলা প্রশাসক আবেদনটি অনুমোদন করার পর বুধবার মরদেহ উত্তোলনের কার্যক্রম সম্পন্ন হয়।

সেলিম খান সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান ‘শাপলা মিডিয়া’র স্বত্বাধিকারী ছিলেন। তার ছেলে শান্ত খান চলচ্চিত্রে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন এবং একাধিক সিনেমায় অভিনয় করেছেন।

সেলিম খানের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ নিয়েও তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ছিল। এসব অভিযোগের কারণে বিভিন্ন সময়ে তাকে ‘বালুখেকো চেয়ারম্যান’ হিসেবে অভিহিত করা হয়।

এ ছাড়া তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ও রাজস্ব ফাঁকিসংক্রান্ত একাধিক মামলা থাকার তথ্যও রয়েছে। এসব মামলায় তিনি কারাভোগও করেছেন।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন সন্ধ্যায় এলাকা ছেড়ে যাওয়ার চেষ্টা করার সময় জনতার পিটুনিতে সেলিম খান ও তার ছেলে শান্ত খান নিহত হন বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করে। ওই মামলার তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আদালত মরদেহ দুটি কবর থেকে তুলে ময়নাতদন্তের নির্দেশ দেন। সেই নির্দেশনার ভিত্তিতেই বুধবার তাদের মরদেহ উত্তোলন করা হলো।