অস্ট্রেলিয়ার বাড়ি নিয়ে বিরোধ, ফারুকী-তিশার বিচ্ছেদের গুঞ্জন


বিনোদন প্রতিবেদক প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২৬, ৯:৫৫ অপরাহ্ন

নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য জীবন নিয়ে শোবিজ অঙ্গনে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে। অস্ট্রেলিয়ায় তিশার নামে থাকা একটি বাড়ি বিক্রি নিয়ে দুজনের মধ্যে বিরোধের জেরেই সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে বলে দাবি করছে একটি ঘনিষ্ঠ সূত্র। তবে এ বিষয়ে ফারুকী বা তিশার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘনিষ্ঠ সূত্রের দাবি, সম্প্রতি সুইজারল্যান্ডে নতুন একটি বাড়ি কেনেন ফারুকী। এরপর অস্ট্রেলিয়ায় তিশার নামে থাকা বাড়িটি বিক্রির উদ্যোগ নেন তিনি। তবে নিজের নামে থাকা ওই সম্পত্তি বিক্রি করতে তিশা রাজি ছিলেন না। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ ও বাদানুবাদ চলছিল বলে সূত্রটি দাবি করেছে।

সূত্রের ভাষ্য অনুযায়ী, সম্পত্তি নিয়ে বিরোধ একপর্যায়ে তাদের দাম্পত্য সম্পর্কে প্রভাব ফেলে। পরে তিশা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন এবং আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশে ফিরে মায়ের বাসায় অবস্থান করছেন বলেও দাবি করা হয়েছে।

তবে বিচ্ছেদের বিষয়টি এখনো স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। ফলে ফারুকী-তিশার সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে ছড়িয়ে পড়া তথ্যকে আপাতত গুঞ্জন হিসেবেই দেখা হচ্ছে।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি পোস্টও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অভিনেত্রী সোহানা সাবা এক ফেসবুক পোস্টে একসময় ফারুকী ও তিশার বিরুদ্ধে তাকে ‘টার্গেট’ করার অভিযোগ তোলেন। একই পোস্টে তিনি প্রকৃতির প্রতিশোধের কথাও উল্লেখ করেন।

অভিনেতা তমালও সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের গুঞ্জনের প্রসঙ্গ টেনে লেখেন, ‘ঘটনা কি সত্যি? যা যা কিছু রটে, তার কিছু না কিছু ঘটে।’

তবে এসব সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট থেকেও ফারুকী-তিশার দাম্পত্য সম্পর্কের বিষয়ে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও পরিষ্কার হবে।