:: নিজস্ব প্রতিবেদক ::
বাংলাদেশের অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে। শুক্রবার লাও ন্যাশনাল স্টেডিয়ামে পূর্ব তিমুরকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের মেয়েরা। তৃষ্ণা রানীর হ্যাটট্রিকসহ সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি, নবিরন খাতুন, সাগরিকা ও মুনকি আক্তারের গোলে বাংলাদেশ দল দ্বিতীয় ম্যাচেই বড় জয় পেয়েছে।
ম্যাচের ২০ মিনিটে স্বপ্না রানীর কর্নার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে নেন শিখা। এরপর শান্তি মার্ডি কর্নার থেকে সরাসরি গোল (৩২’) ও নবিরনের হেডে গোলে (৩৬’) প্রথমার্ধেই ৪-০ ব্যবধান গড়ে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে তৃষ্ণা রানী দুটি (৫৭’, ৮৩’), সাগরিকার একক প্রচেষ্টা (৭৩’) ও মুনকির গোলে (৮৯’) ম্যাচটি ৮-০ ব্যবধানে শেষ হয়।
দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ এইচ-এর শীর্ষে আছে বাংলাদেশ। ১০ আগস্ট দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শেষ ম্যাচে জয় পেলে সরাসরি চূড়ান্ত পর্বে যাবে বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন না হলেও সেরা তিন রানার্সআপ দল হিসেবে থাইল্যান্ডে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেতে পারে তারা। এর আগে প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ দল।
আপনার মতামত লিখুন :