:: নিজস্ব প্রতিবেদক ::
ব্যাংক এশিয়ার কাছ থেকে গৃহীত ৩৮৯ কোটি টাকা ঋণ পরিশোধ নিয়ে তালিকাভুক্ত এক্সিম ব্যাংকের সঙ্গে বিরোধ তৈরি হয়েছে। ঋণের টাকা সময়মতো ফেরত না দেয়ায় ব্যাংক এশিয়া আদালতের শরনাপন্ন হয়েছে। বর্তমানে দুই ব্যাংকের মধ্যে সমঝোতা আলোচনা চলছে বলে এক্সিম ব্যাংক সূত্রে জানা গেছে।
গত বছর ব্যাংক এশিয়া এক্সিম ব্যাংককে ৩৮৮ কোটি ৯৫ লাখ টাকা ঋণ দেয়। কিন্তু মেয়াদ শেষ হওয়ার পরও টাকা ফেরত না পেয়ে ব্যাংক এশিয়া ঢাকার ৫ নম্বর অর্থঋণ আদালতে মামলা করে। ৪ আগস্ট আদালত এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয় ১৫ দিনের জন্য ক্রোকের আদেশ দেন। এক্সিম ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় তারা ঋণ মওকুফের প্রক্রিয়ায় আছে। ব্যাংকের এক শীর্ষ কর্মকর্তা বলেন, “আমরা সময় বাড়ানোর আবেদন করলেও ব্যাংক এশিয়া মামলা করে দিয়েছে। বিষয়টি উচ্চ আদালতে তুলে ধরব।”
এদিকে এক্সিম ব্যাংকের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালের প্রথম প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২১ পয়সা, যা আগের বছরের তুলনায় ৩ পয়সা কম। গত বছর বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি প্রতিষ্ঠানটি। ব্যাংকটির পরিশোধিত মূলধন ১,৪৪৭ কোটি টাকা এবং উদ্যোক্তাদের মালিকানায় রয়েছে ৩২.৪৪% শেয়ার।
আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংকিং খাতে এ ধরনের বিরোধ নতুন নয়। তবে কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে দ্রুত সমাধান হওয়া জরুরি। ২১ আগস্ট আদালতে এক্সিম ব্যাংকের জবাব দাখিলের তারিখ নির্ধারিত রয়েছে।
আপনার মতামত লিখুন :