:: নিজস্ব প্রতিবেদক ::
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গতকাল রাতে পঞ্চগড় ও ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ৩১ বাংলাদেশি নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। এদের মধ্যে ২৩ জন পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ী সীমান্ত দিয়ে এবং ৮ জন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ফকিরগঞ্জ সীমান্ত দিয়ে প্রবেশ করে।
পঞ্চগড়ে বিজিবি ভোররাতে হরিবাস বাজার সংলগ্ন এলাকা থেকে ১৮ জন এবং জোতবাহাদুর এলাকা থেকে আরও ৫ জনকে আটক করে। আটককৃতদের মধ্যে রয়েছেন ৯ জন পুরুষ, ১৩ জন নারী ও ১ শিশু। তারা নিজেদের যশোর, সাতক্ষীরা, নড়াইল ও লালমনিরহাটের বাসিন্দা বলে দাবি করেছেন।
বিজিবি ৫৬ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল শেখ মো. বদরুদ্দোজা জানান, “আটককৃতরা জানিয়েছেন, গত ২ আগস্ট মুম্বাই পুলিশ তাদের আটক করে। পরে বিমান ও বাসে করে তাদের সীমান্তে নিয়ে এসে জোর করে বাংলাদেশে পাঠানো হয়।”
ঠাকুরগাঁওয়ে বিজিবি সীমান্ত পিলার ৩৪২ এর কাছে ১ পুরুষ, ৫ নারী ও ২ শিশুকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা কয়েক বছর আগে পাচারকারীদের সহায়তায় কাজের সন্ধানে ভারতে গিয়েছিলেন। গত ৮-১০ দিন আগে মুম্বাই পুলিশ তাদের আটক করে।
পঞ্চগড় সদর থানার ওসি আবদুল্লাহ হিল জামান নিশ্চিত করেছেন, আটককৃতদের পরিচয় যাচাই শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এনিয়ে সংশ্লিষ্ট বিএসএফ ও বিজিবি কোম্পানি কমান্ডারদের মধ্যে ফ্ল্যাগ মিটিংও অনুষ্ঠিত হয়েছে।
আপনার মতামত লিখুন :