:: নিজস্ব প্রতিবেদক ::
সিলেটের ভোলাগঞ্জ থেকে অবৈধভাবে উত্তোলিত সাদা পাথর সাত দিনের মধ্যে উদ্ধার করে ফেরত আনার কঠোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার বেঞ্চ রিটের শুনানিতে এ আদেশ দেয়। পাশাপাশি পাথর লুটকারীদের নাম-ঠিকানাসহ তালিকা দাখিল, ক্ষতিপূরণ আদায় এবং এলাকাকে ‘ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া’ ঘোষণার জন্য রুল জারি করা হয়েছে।
৪৮ ঘণ্টার মধ্যে মনিটরিং টিম গঠনের নির্দেশ
আদালত স্থানীয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার মধ্যে দিন-রাতের মনিটরিং টিম গঠনের নির্দেশ দিয়েছে, যাতে পুনরায় পাথর লুট বা অপসারণ রোধ করা যায়। এছাড়া একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করে ভোলাগঞ্জের আর্থিক ক্ষয়ক্ষতি নিরূপণ ও প্রতিবেদন দাখিলের কথা বলা হয়েছে। খনিজসম্পদ বিভাগ, পরিবেশ মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনকে আদালতের সামনে জবাবদিহি করতে হবে।
আগামী ১৭ আগস্ট পরবর্তী শুনানি
এই মামলার পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ জানান, ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’ সংগঠনের রিটের ভিত্তিতে এ আদেশ দেওয়া হয়েছে। পাথর উদ্ধারের অগ্রগতি বিষয়ে আগামী বৃহস্পতিবার আদালতকে প্রতিবেদন দিতে হবে। এদিকে, লুটের দায়ীদের বিরুদ্ধে আলাদা রিটের শুনানি ১৭ আগস্ট নির্ধারণ করা হয়েছে। পরিবেশবাদীরা এই আদেশকে ভোলাগঞ্জের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন।
আপনার মতামত লিখুন :