জনগণের ইচ্ছায় নির্বাচন অবধারিত”: স্বরাষ্ট্র উপদেষ্টা


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ১৬, ২০২৫, ৩:২১ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জনগণ নির্বাচনমুখী হলে কেউই তা বন্ধ করতে পারবে না। শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত সময়সূচিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

কৃষি বাজার পরিদর্শনকালে উপদেষ্টা বলেন, “অতিবৃষ্টির কারণে শাকসবজির দাম কিছুটা বেড়েছে, তবে বাজার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।” তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, “পাইকারি থেকে খুচরা বাজারে আসার পরই দাম বেড়ে যাচ্ছে, ফলে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না। অথচ আলুসহ বিভিন্ন সবজির পর্যাপ্ত মজুদ রয়েছে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, “দেশে কোনো চাঁদাবাজকেই সহ্য করা হবে না। যত বড় চাঁদাবাজই হোক না কেন, আইনের কঠোর আওতায় নিয়ে আসা হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।” তার এই বক্তব্যে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের ইঙ্গিত পাওয়া যায়।