৪১ হাজার বেসরকারি শিক্ষক নিয়োগের অপেক্ষা, অনুমোদন সোমবার


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ১৮, ২০২৫, ৫:০৮ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ৪১ হাজারের বেশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করেছে। শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরারের অনুমোদন পেলে সোমবার (১৮ আগস্ট) বা মঙ্গলবার (১৯ আগস্ট) এই সুপারিশ ঘোষণা করা হতে পারে। এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম ইতোমধ্যে পুলিশ ভেরিফিকেশনসহ সংশ্লিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করে শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আওতায় এই নিয়োগ প্রক্রিয়া চলছে। শিক্ষা সচিব (রুটিন দায়িত্ব) মো. মজিবর রহমান এনটিআরসিএর আবেদনে ইতোমধ্যে অনুমোদন দিয়েছেন। এখন শুধু শিক্ষা উপদেষ্টার চূড়ান্ত সইয়ের অপেক্ষায় রয়েছে এই সুপারিশ। সংশ্লিষ্টরা জানান, সোমবার শিক্ষা উপদেষ্টার দপ্তরে ফাইল গেলে দ্রুত অনুমোদন দেওয়া হতে পারে।

এনটিআরসিএ সূত্রে বলা হয়েছে, এই সুপারিশ বাস্তবায়ন হলে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে চাকরির অনিশ্চয়তায় থাকা হাজার হাজার প্রার্থীর ভাগ্য খুলবে। তবে অনুমোদন প্রক্রিয়ায় কোনো বিলম্ব হলে সুপারিশ ঘোষণা মঙ্গলবার পর্যন্ত পিছিয়ে যেতে পারে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এই নিয়োগ প্রক্রিয়া শেষ হলে বেসরকারি শিক্ষাখাতে নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।