মেসির সতীর্থ এমি মার্টিনেজকে নিতে চায় ইন্টার মায়ামি


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ১৯, ২০২৫, ৩:৩০ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::
ইন্টার মায়ামি ক্রমেই লিওনেল মেসির বন্ধু-সতীর্থদের মিলনমেলায় পরিণত হচ্ছে। ক্লাবটি ইতিমধ্যে মেসির আর্জেন্টিনা দলের সতীর্থ রদ্রিগো ডি পলকে দলে ভেড়িয়েছে, এবার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে নেওয়ার পরিকল্পনা করছে। কানাডিয়ান মিডিয়া ‘ওয়েকিং দ্য রেড’ জানিয়েছে, মায়ামি ইতোমধ্যে মার্টিনেজের সঙ্গে আলোচনা শুরু করেছে। ক্লাবটির মূল গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডারের শার্লট এফসিতে চলে যাওয়ায় গোলরক্ষকের জায়গা শূন্য হয়েছে, যা পূরণে মার্টিনেজকে টার্গেট করা হয়েছে।

২০২০ সালে আর্সেনাল থেকে অ্যাস্টন ভিলায় যোগ দেওয়ার পর থেকেই মার্টিনেজ ক্লাবটির প্রথম পছন্দের গোলরক্ষক ছিলেন। তবে মৌসুমের উদ্বোধনী ম্যাচে তাকে বেঞ্চে রাখায় তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি হয়েছে। ভিলা ক্লাব মার্টিনেজের ট্রান্সফারে ১৭ থেকে ৪০ মিলিয়ন ইউরো দাবি করছে। সম্প্রতি এক ম্যাচ শেষে তার আবেগঘন বিদায়ের দৃশ্য অনেকেই ক্লাব ছাড়ার ইঙ্গিত হিসেবে দেখছেন। তবে ভিলা স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রত্যাশিত অর্থ না পেলে তারা মার্টিনেজকে ছাড়বে না।

ক্যালেন্ডারের ট্রেড থেকে প্রাপ্ত জেনারেল অ্যালোকেশন মানি (জিএএম) ব্যবহার করে মার্টিনেজকে আনার চেষ্টা করবে মায়ামি। এই ট্রান্সফার সফল হলে মার্টিনেজ এমএলএস-এ মেসি, বাস্কেটস ও ডি পলের সঙ্গে পুনরায় একদল হতে পারবেন। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই গোলরক্ষকের আগমন মায়ামির প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। ফ্লোরিডাভিত্তিক ক্লাবটি যদি এই ডিল সম্পন্ন করতে পারে, তাহলে এমএলএসে তাদের দল আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে।